Views Bangladesh Logo

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতা-কর্মীদের অতিরিক্ত ভিড়ে মূল মঞ্চের একটি অংশ ভেঙে পড়েছে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় তিনি ও মঞ্চে থাকা অন্য কেউ আহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারবার মাইকে অতিরিক্ত লোকজনকে মঞ্চ থেকে নেমে যাওয়ার আহ্বান জানানো হলেও তা কার্যকর হয়নি।

এরপর অর্থমন্ত্রী মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আরও অনেকে একযোগে মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত চাপের কারণে মুহূর্তের মধ্যেই মঞ্চের একটি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক আতঙ্ক ও হট্টগোল সৃষ্টি হলেও কেউ নিচে পড়ে যাননি বা গুরুতর আহত হননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, পুরো মঞ্চ ধসে পড়েনি। মঞ্চে থাকা কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থমন্ত্রী একই মঞ্চে দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ মঞ্চে ওঠার কারণেই এ ঘটনা ঘটেছে। তিনি জানান, মঞ্চে অতিরিক্ত লোকজন না ওঠার জন্য মাইকেও ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন উপস্থিতরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ