Views Bangladesh Logo

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নেওয়াকে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার এমন নীতি ও কর্মসূচি গ্রহণ করছে, যাতে অর্থনৈতিক চাপের মধ্যে থাকা নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। একই সঙ্গে তাদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে সরকার ফ্যামিলি কার্ড উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীরা শুধু সরকারি সহায়তাই পাবেন না, বরং ধীরে ধীরে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নেও সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ এর খসড়া সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত করেছে।

তিনি বলেন, কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এর ফলে প্রকৃত উপকারভোগীরা সঠিকভাবে সুবিধা পাচ্ছেন কি না এবং কোথাও কোনো অনিয়ম হচ্ছে কি না, তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সম্পৃক্ততা থাকবে না। জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ