এসএসএফের আধুনিকায়ন চলছে: প্রধান উপদেষ্টা
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র এবং সরঞ্জামের আধুনিকীকরণ প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি জানান, গত বছরের ৫ আগস্ট এসএসএফের কিছু যানবাহন এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু দ্রুত পূর্ণ কার্যকারিতায় পুনরুদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ জুন) এসএসএফের ৩৯তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, ‘অন্য বাহিনীগুলোর তুলনায় ছোট বাহিনী হলেও এসএসএফের দায়িত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সংবেদনশীল। এই বাহিনী আমার নেতৃত্ব এবং তত্ত্বাবধানে কাজ করে’।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে এসএসএফ। প্রধান উপদেষ্টার বাসভবন ও অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং রাজধানী ঢাকাসহ দেশজুড়ে তার চলাচলে নিরাপত্তা দেয়।
প্রধান উপদেষ্টা জানান, গত দশ মাসে কক্সবাজার, রোহিঙ্গা শিবির, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তার যোগদানকালে সফলভাবে নিরাপত্তা সমন্বয় করেছে এসএসএফ। তার আন্তর্জাতিক রাষ্ট্রীয় সফরও সুষ্ঠু ও নিরাপদ করতে দূতাবাস এবং বিদেশি নিরাপত্তা প্রোটোকলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে সফরের সার্বিক নিরাপত্তাও পরিচালনা করেছে এই বাহিনী।
অধ্যাপক ইউনূস জানান, বাহিনীটির উন্নয়নে তার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কাজ চলমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসএসএফ ভবিষ্যতে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি এবং মনোবল দিয়ে আরও পেশাদার ও কার্যকর বাহিনীতে পরিণত হবে।
এসএসএফের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে নিজের এবং রাষ্ট্রপতির অব্যাহত নিরাপত্তা নিশ্চিতে তাদের ভূমিকায়ও জোর দেন অধ্যাপক ইউনূস। ‘গত ১০ মাস ধরে এসএসএফ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পরিচালনা করেছে। আমি সব সদস্যকে তাদের প্রতিশ্রুতি পূরণে ধন্যবাদ জানাই’- বলেন তিনি।
প্রযুক্তি ও তথ্য আদান-প্রদানের অগ্রগতিতে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি প্রকৃতি স্বীকার করে অধ্যাপক ইউনূস পূর্ণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায়ও জোর দেন। তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ সত্ত্বেও এসএসএফ কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে নিয়মিত হুমকি পর্যালোচনা করছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে