খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিলো এসএসএফ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার পর তার সার্বিক নিরাপত্তার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য ভিভিআইপি বিশেষ নিরাপত্তা টিম ডিউটি শুরু করে। এর ফলে তার চিকিৎসাকালীন নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নির্ধারিত সময় থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে এসে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, খালেদা জিয়ার অবনতি হওয়া শারীরিক অবস্থা এবং তার মর্যাদা বিবেচনায় হাসপাতালের নিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা বিবেচনায় রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সভায় বিশেষ দোয়া করা হয় এবং জাতির কাছেও তার জন্য দোয়ার আহ্বান জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে