Views Bangladesh Logo

সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ হবে, জানা যাবে এসএমএসেও

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবে।

শনিবার (৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আখতারুজ্জামান।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইটেও ফল দেখা যাবে—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

যেকোনো মোবাইল সিম থেকে খুদেবার্তার মাধ্যমে ফল জানতে প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC, এরপর একটি স্পেস দিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, তারপর রোল নম্বর। এরপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মেসেজের ধরন হবে: SSC DHA ROLL YEAR

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে: SSC MAD ROLL YEAR

আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের লিখতে হবে: SSC TEC ROLL YEAR

এরপর ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি খুদেবার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি খুদেবার্তার জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা খরচ হবে।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ