Views Bangladesh Logo

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। ফলাফলে প্রত্যাশিত নম্বর না পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। তবে এ জন্য শিক্ষা বোর্ডে সরাসরি গিয়ে বা লিখিত আবেদন করার সুযোগ থাকছে না। নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বাংলা, ইংরেজির মতো যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসব বিষয়ের দুই পত্রের জন্যই একসঙ্গে আবেদন করতে হবে। আবেদন ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে। একজন শিক্ষার্থী প্রথমবার আবেদন করার পর চাইলে অন্য কোনো বিষয়ের জন্যও নতুন করে আবেদন করতে পারবেন।

আবেদন করতে প্রথমে নির্ধারিত পুনর্নিরীক্ষণ পোর্টালে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের পর সংশোধিত ফল প্রকাশ হলে ওই নম্বরেই খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। পরে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল থেকে কাঙ্ক্ষিত বিষয় নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

ফি জমা দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। প্রয়োজন হলে কোনো বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন, বাতিল বা নতুন করে সংশোধনের সুযোগ থাকবে না। একই সঙ্গে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না। ফি দেওয়ার পর আবেদন পোর্টালে ফিরে গিয়ে ‘জমা দিন’ অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।

এদিকে, গত সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারছেন। এসএমএসে ফল জানতে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠানো যাবে। ১৬১৪০ নম্বরে ফল পেতে ‘SSC’ লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৬ লিখে পাঠাতে হবে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছেন। ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য এখন পুনর্নিরীক্ষণের এই সুযোগই ফলাফলে পরিবর্তনের শেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ