এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বৃহস্পতিবার
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
এ ব্যাপারে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আরও জানান, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হয়েছে অর্থাৎ শুধু নম্বর যোগে ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের মধ্যে প্রক্রিয়াটি সীমাবদ্ধ ছিল না। আবেদন করা খাতাগুলোও আবার মূল্যায়ন করা হয়েছে।
এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। নতুন করে পুরো উত্তরপত্র মূল্যায়ন করা হতো না।
গত ১১ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট পর্যন্ত চলে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ। নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী তাদের খাতা পর্যালোচনার জন্য আবেদন করেন।
মতামত দিন