এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পাস ৪৫৮৫ শিক্ষার্থী
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। এছাড়া আরও বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে নম্বর ও ফল পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও নতুন ফল পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট এসএসসির মূল ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন করেন অসন্তুষ্ট শিক্ষার্থীরা । এতে রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জানান। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি লিখিত এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র ছিল। বোর্ডভিত্তিক আবেদনে শীর্ষে ছিল ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।
এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগের নিয়মে পুনঃনিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কিনা, তা যাচাই করা হতো। নতুন করে পুরো উত্তরপত্র মূল্যায়ন করা হতো না। তবে এবার খাতা পুনঃনিরীক্ষণের পাশাপাশি পুরো উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফল প্রকাশের দীর্ঘ ৩১ দিন এবং আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ২৪ দিন পর এবার এই পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
মতামত দিন