মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝোলালেন বিএনপি নেতা, এসএসসি বিদায় অনুষ্ঠান পণ্ড
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে এক স্থানীয় নেতা তার সমর্থকদের নিয়ে হামলা চালিয়েছেন। তিনি উপস্থিত প্রধান শিক্ষকের হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা সভাস্থল ত্যাগ করতে শুরু করে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত রোববার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. সারোয়ার আউয়াল। তিনি গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
একাধিক স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ওই অনুষ্ঠানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে তালা খুলে দেওয়া হয় এবং এক ঘণ্টার মধ্যে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটি শেষ করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন বলেন, সারোয়ার আউয়াল, তার ভাই আরমান এবং স্থানীয় মান্নান মাস্টারের সহযোগীরা এসে অনুষ্ঠান বন্ধ করার দাবি জানান। তারা এসেই শিক্ষকদের গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে আউয়ালের সঙ্গে আরও ১০-১৫ জন যোগ দেন। তারা হঠাৎ করে তার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন এবং এর কিছুক্ষণ পর প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেন।
তিনি আরও জানান, লিখিত দাওয়াত না দিয়ে মৌখিকভাবে দাওয়াত দেওয়ার কারণেই আউয়াল ও তার সহযোগীরা এই পরিস্থিতির সৃষ্টি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আউয়াল দাবি করেন, "আমি সেখানে কাউকে গালিগালাজ করিনি। অভিভাবকরা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। প্রবেশপত্রের (অ্যাডমিট কার্ড) জন্য অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে তারা আমাকে প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে বলেছিলেন।"
তিনি আরও দাবি করেন যে, প্রধান শিক্ষকের কক্ষে কোনো তালা লাগানো হয়নি এবং কে তালা লাগিয়েছে তা তিনি জানেন না। তবে কিছুক্ষণ পরেই তালা সরিয়ে ফেলা হয়েছে বলে তিনি জানান।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি সোমবার বিকেলে বলেন, "আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বিকেলেই একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।"

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে