মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শুরু সকাল ১০টায়
আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। ব্যবহারিক পরীক্ষার নম্বর ও উত্তরপত্রসহ যাবতীয় নথিপত্র নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ১৮ জুনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।
যানজট নিরসনে ও জনভোগান্তি কমাতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব-স্ব কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।
এদিকে পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশিকা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনার মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই আসনে বসতে হবে, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে কোনো বিরতি ছাড়াই সৃজনশীল (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের আগেভাগেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং কেবল রেজিস্ট্রেশনে উল্লিখিত বিষয়গুলোতেই পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করা বাধ্যতামূলক।
কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। তবে বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংবাদপত্র ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে