এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থীদের প্রতি ১৪ নির্দেশনা
আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়।
সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল। তবে সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন একটি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১০ এপ্রিল শুরু হয়ে এসএসসি পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে পরীক্ষা এবং শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র দিয়ে। তত্ত্বীয় পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে ১৫ মে থেকে ২২ মের মধ্যে।
এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে গত মঙ্গলবার (৮ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থীদের প্রতি ১৪টি নির্দেশনা জারি করে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
যার মধ্যে রয়েছে- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ বাধ্যতামূলক, বহুনির্বাচনি (MCQ) ও সৃজনশীল/রচনামূলক পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না, শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে; ভিন্ন বিষয়ের পরীক্ষা দেয়া যাবে না, OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে, উত্তরপত্র ভাঁজ করা যাবে না, পরীক্ষায় শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন কেন্দ্রের ভেতর আনতে পারবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে