Views Bangladesh Logo

মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় লোডশেডিংয়ের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছিল। এদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু সকাল থেকেই কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় তাদের।

কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগকে বারবার জানানোর পরও সমস্যার সমাধান হয়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতির ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, কেন্দ্রটি রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত ছিল। সেই লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে শঠিবাড়ী গ্রিড থেকে সংযোগ দেওয়ার চেষ্টা করা হলেও বিকাল পর্যন্ত তা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, কেন্দ্র কর্তৃপক্ষ সময়মতো তাকে বিষয়টি জানায়নি, যা একটি ভুল ছিল। পরে জানানো হলে তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট, চার্জার লাইট ও মোমবাতির মতো বিকল্প আলোর ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ