Views Bangladesh Logo

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখ

সারাদেশে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। নিয়ম অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ নিশ্চিত করতে হয়েছে।

জানা গেছে, ৯টি সাধারণ বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হয়েছে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের মাধ্যমে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে। এছাড়া এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা আজ বাংলা-২ বিষয়ে পরীক্ষায় বসেছেন। তাদের তত্ত্বীয় পরীক্ষা ১৪ মে শেষ হয়ে ব্যবহারিক ও বাস্তব প্রশিক্ষণ চলবে জুন মাস পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এবারের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় অনিয়ম রোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। যেসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল রয়েছে, সেগুলো দ্রুত সচল করার পাশাপাশি ধারণকৃত ভিডিও সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে সময় দেখার জন্য এনালগ বা ‘কাঁটাওয়ালা’ ঘড়ি রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় যথাযথভাবে তল্লাশি নিশ্চিত করার পাশাপাশি নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রধান ফটকে বিশেষ নির্দেশিকা টাঙানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং পরীক্ষা কক্ষগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ