Views Bangladesh Logo

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ও সড়ক। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ অংশগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগের শেষ ছিল না। কয়েকটি পরীক্ষা কেন্দ্র হাঁটু সমান পানিতে ডুবে যাওয়ায় বেঞ্চের ওপরে পা তুলে পরীক্ষা দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লার ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতার মধ্যে বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষিকাও চেয়ারে পা তুলে বসে আছেন। জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকালে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়কের সালাউদ্দিন মোড়, মনোহরপুর, মহিলা কলেজ রোড, রেসকোর্স এলাকা, ঈদগাহ সড়ক, অশোকতলা, মগবাড়ি চৌমুনীসহ প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে যায়।

বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। অনেক কেন্দ্রে পানি জমে যাওয়ায় এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শেষেও হাঁটু ও কোমর সমান পানি মাড়িয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায় শিক্ষার্থীদের।

নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে ড্রেন ও খালের মুখগুলো পরিষ্কার করে পানি সরে যাওয়ার ব্যবস্থা করেছেন। তবে বিকাল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, এই বৃষ্টির পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ