রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
রাজশাহী নগরীতে নন্দিনী ঘোষ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে নগরীর তালাইমারী ও কাজলা এলাকার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নন্দিনী ঘোষ নগরীর কাজলা এলাকার বাসিন্দা নির্মল ঘোষের মেয়ে এবং রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর নন্দিনী দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে স্কুলে যাচ্ছিলেন। পথে তালাইমারী প্রিন্সিপাল পাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করে। এ সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে।
হামলায় নন্দিনীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। তার শরীরের অন্তত পাঁচটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে নন্দিনীর সঙ্গে থাকা বান্ধবী ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন।
নন্দিনীর পরিবারের সদস্যরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে