ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই পৌরসভা এলাকার লাকুড়িয়াপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার মা লিজা আক্তার একজন প্রবাসী এবং বাবা নূর হোসেন বরিশালে বসবাস করেন। ধামরাইয়ে তার নানির সঙ্গে থাকত নাহিদা।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নাহিদার নানি দুধ কেনার জন্য বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত সাভারের নয়ারহাট গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরে ঢুকে নাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ সময় তারা নাহিদার গলায় ও কানে থাকা স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে