এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি ও সমমানের তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
আগামী ১০ আগস্ট পরীক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ফল প্রকাশের মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবে।
মতামত দিন