টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের সমাধান করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী জিসান রহমান স্থানীয় নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের সমাধান দেখছিলেন।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এতে তার কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিষয়টি আরও তদন্ত করতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে