Views Bangladesh Logo

দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশজুড়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত চলবে প্রতিটি বিষয়ের তত্ত্বীয় পরীক্ষা।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নিয়ম অনুসরণ করে সময়মতো কেন্দ্রে পৌঁছায় অধিকাংশ পরীক্ষার্থী। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে শুধুমাত্র সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সাধারণ বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় অংশ নিচ্ছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী, যেখানে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এদের জন্য কেন্দ্র রয়েছে ৭২৫টি এবং প্রতিষ্ঠান ৯ হাজার ৬৩টি।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

জানা গেছে, তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে কেন্দ্রগুলোর আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখাসহ নানা নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব রোধে সরকার কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে বাড়তি নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ