এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পূর্বঘোষণা অনুযায়ী চলতি মাসের ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।
গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ তারিখে ফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য তাঁরা প্রস্তুত আছেন।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।
মতামত দিন