Views Bangladesh Logo

দর্শকখরায় বিচলিত শ্রীলঙ্কা, ভারতের বিপক্ষে টেস্টেও বিনা মূল্যে প্রবেশের ঘোষণা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে দর্শকদের তেমন সাড়া পায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাই ভারতের বিপক্ষে সামনের টেস্ট সিরিজে কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা। আগেভাগেই ঘোষণা করেছে বিনামূল্যে মাঠে প্রবেশের সুযোগ।

গলে আগামী ১৫ থেকে ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ২৩ থেকে ২৭ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই ভেন্যুতেই বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এসএলসি।

বিবৃতিতে সংস্থাটি জানায়, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে মাঠে প্রবেশের ব্যবস্থা থাকবে, যার ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি মাঠে বসে বিশ্বমানের টেস্ট ক্রিকেট উপভোগ করার চমৎকার সুযোগ পাবেন। দেশের সব ক্রিকেট অনুরাগী, উদীয়মান তরুণ ক্রিকেটার, পরিবার ও ক্রীড়াপ্রেমীদের এই উদ্যোগের সুযোগ নিতে আমন্ত্রণও জানিয়েছে সংস্থাটি। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুধু ৪ নম্বর গেট দিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে, আর কলম্বোয় খোলা থাকবে ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট।

টিকিট ফ্রি করে দেওয়া অবশ্য শ্রীলঙ্কার জন্য নতুন কিছু নয়। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান বা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সব সময়ই উন্মুক্ত থাকে প্রবেশাধিকার। এমনকি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্বাগতিক দেশের বাইরের সব ম্যাচ এবং নারীদের যেকোনো আন্তর্জাতিক সিরিজে টিকিট ছাড়াই মাঠে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল দর্শকদের।

তবে এবার ভারতের মতো বড় সিরিজেও প্রবেশাধিকার উন্মুক্ত রাখার মূল কারণ মূলত লঙ্কা প্রিমিয়ার লিগের দর্শকখরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির শুরুতে টিকিটের ব্যবস্থা রাখা হলেও দর্শকদের সাড়া না পাওয়ায় পরবর্তীতে তা ফ্রি করে দেয় আয়োজকরা। সেই ধারাবাহিকতাই এবার বজায় থাকল ভারতের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে সিরিজেও।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ