দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিলুপ্ত
দুর্নীতি ও অব্যবস্থাপনায় অভিযুক্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মধ্যে দায়িত্ব ছেড়ে দিতে বলেছে লঙ্কান সরকার। বুধবার বার্তা সংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোর্ড পুনর্গঠনে নতুন প্রশাসনের পথ সুগম করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য আপাতত একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশের ক্রিকেটও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাড-হক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হিসেবে টানা চার মেয়াদে দায়িত্ব পালন করা শাম্মি সিলভার বিরুদ্ধে তার থাকাকালীন সময়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচনে অন্যায্য হস্তক্ষেপের দাবিও করা হয়েছিল।
অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃত্বে কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি, তবে বিভিন্ন প্রতিবেদনে একজন সাবেক বিনিয়োগকারী ব্যাংকারের নাম শোনা যাচ্ছে। শ্রীলঙ্কার অনেক ক্রিকেট ভক্ত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তবে ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে একই ধরনের কারণে আইসিসি সাময়িকভাবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে