Views Bangladesh Logo

বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

দুর্বৃত্তরা বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সোহাগ শেখকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানের হাটের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ‘শেখ ট্রেডার্স’ নামে ঢেউটিন, স্যানিটারি ও হার্ডওয়্যারের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে মোল্লাহাট উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। পথে পানের হাটের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা সামনে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে সোহাগ শেখের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। চিকিৎসকরা তার শরীরে মোট ছয়টি গুলির চিহ্ন পেয়েছেন। এর আগে প্রাথমিক পর্যবেক্ষণে তার বুকে ও মাথায় পাঁচটি গুলির চিহ্ন থাকার তথ্য পাওয়া গিয়েছিল।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে বন্দুকধারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে সোহাগ শেখের দোকানের বিক্রয় প্রতিনিধি নূর ইসলামকে (২৭) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনার এক সপ্তাহ পার হলেও মামলা হয়নি। এর মধ্যেই দোকানের মালিক সোহাগ শেখকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ