Views Bangladesh Logo

শারীরিক কটূক্তিতে ক্ষুব্ধ শ্রাবন্তী, কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন। নিজের ধৈর্য হারানো এবং মানসিক হেনস্তার অভিযোগ তুলে তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে।

সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রাবন্তীর ওজন ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, শিল্পীরা প্রায়ই সহজ লক্ষ্যবস্তু হয়ে থাকেন, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেও এ ধরনের নোংরা মন্তব্য সহ্য করা কঠিন। তিনি প্রশ্ন তোলেন, কোনো কারণ ছাড়া কেন মানুষদের শারীরিক পরিবর্তন নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করা হচ্ছে।

নিজের শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শ্রাবন্তী জানান, সম্প্রতি তিনি ঠাকুমার ঝুলি নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সেখানে তাকে একজন দাদির (ঠাকুমা) চরিত্রে অভিনয় করতে হয়েছে, যার জন্য চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল।

অভিনেত্রীর মতে, চরিত্রের চাহিদা অনুযায়ী তার শারীরিক গঠন ঠিক করা হয়েছিল, যা প্রচলিত নায়িকাসুলভ নয়। দুর্ভাগ্যবশত, এই বিষয়টি না জেনে অনেক নেটিজেন—পুরুষ ও নারী উভয়ই—তাকে কটূক্তির শিকার করেছেন।

বর্তমানে সিরিজের শুটিং শেষ হয়েছে এবং শ্রাবন্তী আবারও নিয়মিত শরীরচর্চায় মনোযোগ দিচ্ছেন। তবে সাইবার বুলিং বা অনলাইনে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতে তিনি প্রশাসনের সহযোগিতা নিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ