Views Bangladesh Logo

ঢাকা ও উপকূলীয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু বেশ সক্রিয় এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ