Views Bangladesh Logo

মিরসরাইয়ে হরিণ জবাই: তিন জন শনাক্ত, গ্রেপ্তারে অভিযান চলছে

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চিত্রা হরিণ জবাইয়ের ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে বন বিভাগ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে বুধবার মিরসরাই উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। গত ১১ এপ্রিল উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরি প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছয় সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি প্রাকৃতিক নালার পাশে একজন হরিণের পা চেপে ধরে ধারালো দা দিয়ে জবাইয়ের চেষ্টা করছেন এবং পাশে আরও দুজন দাঁড়িয়ে আছেন। ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে জবাইকারী থেমে প্রশ্ন করেন কেন ভিডিও করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা শাহেনশাহ নওশাদ জানান, ভিডিও দেখে তিনজনের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। সন্দেহভাজনরা ওই এলাকার মৎস্য খামারের শ্রমিক বলে ধারণা করছে বন বিভাগ।

বন কর্মকর্তারা মনে করছেন, জবাই করা হরিণটি দলছুট হয়ে ওই এলাকায় চলে এসেছিল।

বন বিভাগের তথ্যমতে, একসময় মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে প্রায় ২০ কিলোমিটারজুড়ে বিস্তৃত ম্যানগ্রোভ বনে হাজারো হরিণ ছাড়াও বিভিন্ন প্রজাতির সাপ, শিয়াল, বেজি, মেছোবাঘ এবং অসংখ্য পাখির বাস ছিল। তবে ওই এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পর বড় আকারে বন উজাড় শুরু হওয়ায় বন্যপ্রাণীগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ