Views Bangladesh Logo

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির কারাতে বিভাগের ক্যাডেট ইয়াসীন আরাফাত জীম (ইয়াসার আহমেদ জীম)-এর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২) মো. মাহফুজুল আলম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমান।

বিকেএসপির প্রাথমিক তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসীন। পরে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে বিকেএসপির মতো একটি সংরক্ষিত সরকারি প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহত ইয়াসীন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখা এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্ত্রণালয় তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করারও ক্ষমতা দেওয়া হয়েছে কমিটিকে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ