Views Bangladesh Logo

না ফেরার দেশে ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আব্দুস সাদেক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও বহুমুখী প্রতিভার অধিকারী আব্দুস সাদেক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২০ জুন) সকালে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র এবং বাংলাদেশ হকি ফেডারেশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিকেট, ফুটবল ও হকিসহ একাধিক খেলায় অসাধারণ দক্ষতার জন্য ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি পেয়েছিলেন আব্দুস সাদেক। হকিতে তিনি পাকিস্তান জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক হওয়ার গৌরবও তার ঝুলিতে রয়েছে।

এছাড়ো, দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের সূচনালগ্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সত্তরের দশকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার পর ক্লাবটির প্রথম ফুটবল অধিনায়ক এবং প্রথম হকি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও ক্রীড়া সংগঠক হিসেবেও রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান।

দীর্ঘ ক্রীড়া জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন আব্দুস সাদেক। মাঠের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও ক্রীড়াসুলভ মনোভাবের কারণে তিনি ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

তার প্রথম জানাজা শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ