আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব: ক্রীড়া উপদেষ্টা
প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮টি বিভাগে স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই হাবে থাকবে উন্নতমানের স্পোর্টস ফ্যাসিলিটি।
রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়টি জানান।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাতের সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি, এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’
তিনি বলেন, এই স্পোর্টস হাব নিয়ে চীনের সঙ্গে প্রথম আলোচনা করলেও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি আরব আমিরাত সফরে গিয়ে এ বিষয়টি নিয়ে কাজ করেছেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে ডিজাইনিং ও বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা আমরা জানাব। আশা করছি, সামনের অর্থবছরেই কাজ শুরু করতে পারব।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, স্পোর্টস ইন্সটিটিউট করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এ নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি প্রতিবেদনও দিয়েছে।
স্পোর্টস ইন্সটিটিউটেও কী এই অর্থায়ানে থাকবে না আলাদা সেটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
ক্রীড়া ফেডারেশনগুলোর নিজস্ব ভেন্যু নিয়ে যে সমস্যা রয়েছে সে বিসয়ে আসিফ মাহমুদ বলেন, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল, যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল, যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট করা যায় কি না, সেটা নিয়ে কাজ করছি।’
ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোর কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করে দেয়া হচ্ছে জানিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান, ‘সার্চ কমিটির সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের কিছুটা সমন্বয়হীনতা রয়েছে। আমাদের একটা পলিসি সিদ্ধান্ত ছিল কেউ সর্বোচ্চ পদে দুইবারের বেশি নয়। এই আলোকে কমিটিতে পরিবর্তন হয়েছে। আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সঙ্গে। সার্চ কমিটির যে কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটিকে প্রস্তাবনা করবে। এটা চূড়ান্ত নয়, মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এখানে অনেক বিষয় দেখতে হয়। অনেকের রাজনৈতিক পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কি না- এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে