Views Bangladesh Logo

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জাতি হিসেবে আমরা বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “জাতির প্রতি আমাদের একটাই অঙ্গীকার ছিল—একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। দেশের জনগণের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ, কারণ তারা এই বিশাল আয়োজনেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে আমরা জাতি হিসেবে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি।”

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনকে কমিশন কেবল একটি সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখেনি; বরং একে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছে। নির্বাচন ঘিরে পূর্বে যে নানা শঙ্কা ও আশঙ্কার কথা শোনা গিয়েছিল, ভোটারদের বিপুল উপস্থিতিতে সেসব আশঙ্কা দূর হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয়—এই প্রত্যাশা ব্যক্ত করে সানাউল্লাহ বলেন, “আমরা আশা করি, এই নির্বাচন ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি আদর্শ হয়ে থাকবে।”

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ