‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর অভিনেত্রী মেরি রিভেরা আর নেই
মার্ভেলের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাওয়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন ও মার্ভেলভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে মারা যান মেরি রিভেরা। স্বজনদের ভাষ্য, স্ট্রোক করার পর তার মৃত্যু হয়।
পরিবারের এক সদস্য জানান, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ চলচ্চিত্রে অভিনয় করতে পেরে মেরি রিভেরা সবসময় গর্ববোধ করতেন। অল্প সময়ের উপস্থিতি হলেও তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।
সিনেমাটির একটি স্মরণীয় দৃশ্যে নেড, এমজে এবং বিকল্প মহাবিশ্ব থেকে আসা স্পাইডার-ম্যানের কথোপকথনের মাঝখানে ঘরে প্রবেশ করেন মেরি রিভেরা। সেই সময় তিনি নেডের মাধ্যমে স্পাইডার-ম্যানকে ঘরের ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করতে বলেন। সংক্ষিপ্ত এই দৃশ্যটি দর্শকদের মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। চলচ্চিত্রটিতে তিনি টম হল্যান্ড, টোবি ম্যাগুইয়ার, অ্যান্ড্রু গারফিল্ড, জেনডায়া ও জ্যাকব ব্যাটালনের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন।
তার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মার্ভেল ও স্পাইডার-ম্যান ভক্তরা শোক প্রকাশ করছেন। অনেকেই তার সংক্ষিপ্ত অথচ স্মরণীয় অভিনয়ের কথা তুলে ধরে শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন মেরি এগিদা রিভেরা। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন একজন মিশনারি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেহান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।
মতামত দিন