Views Bangladesh Logo

মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে, ৩০ জুলাই, বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিশ্বের অনেক দেশের আগেই নতুন এই স্পাইডার-ম্যান চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা।

এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমায় পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড এবং এমজে চরিত্রে জেন্ডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন, মার্ক রাফেলো, ইমান এসফান্ডি, সেডি সিঙ্ক ও জন বার্নথালও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরের সময়কে কেন্দ্র করে এগিয়েছে নতুন কিস্তির গল্প। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর পরিচয়হীন এক জীবনে নিউইয়র্ককে রক্ষা করতে গিয়ে তাকে নতুন প্রতিপক্ষ, একাকীত্ব এবং নিজের ক্ষমতার অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হতে হয়। নির্মাতাদের দাবি, এবার আরও পরিণত ও আত্মবিশ্বাসী স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন দর্শক।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ আকর্ষণ বহন করছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারবেন।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়েছে। পাশাপাশি অগ্রিম টিকিট বিক্রিও চলছে জোরেশোরে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বছরের অন্যতম আলোচিত ও সফল সিনেমা হতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ