নির্বাচন কবে হবে সুনির্দিষ্ট ঘোষণা প্রয়োজন: আনু মুহাম্মদ
কবে নাগাদ নির্বাচন হবে, কী কী পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার অগ্রসর হবে, সেটার ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, নির্বাচন যদি দীর্ঘায়িত হয়, তাহলে অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের আশু করণীয় প্রস্তাব ১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো?’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, অনেকগুলো সংস্কার আছে, যেটা দীর্ঘমেয়াদী সংস্কার, সেটা নির্বাচিত একটি স্থায়ী সরকার ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। তবে অন্তর্বর্তী সরকার হিসেবে অনেকগুলো ভিত্তি তৈরি করতে পারে এই সরকার। সেটা বিভিন্ন কমিশন হয়েছে, তার মধ্য দিয়ে তৈরি হবে। সেই প্রক্রিয়াটা চলতে পারে। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটি প্রস্তুতি বা পথনকশা বা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কবে নাগাদ নির্বাচন হবে, সেটার ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা প্রয়োজন। যথাযথভাবে এই ঘোষণা না এলে, এটি যদি দীর্ঘায়িত হয়, তাহলে একটি অনাস্থা বা অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা থেকে বাঁচার জন্য একট সুনির্দিষ্ট রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করা উচিত বলে আম মনে করি।
তিনি বলেন, কতদিনের মধ্যে নির্বাচন চাই, সেই তারিখটা তো নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না। তবে আমরা মনে করি, সব কাজই আপনি যদি গুরুত্বের সঙ্গে নেন এবং দক্ষতার সঙ্গে করেন তাহলে যত সময় লাগবে, গুরুত্বে সঙ্গে না নিলে তার থেকে বেশি সময় লাগবেই। আমি মনে করি, সরকার গুরুত্বের সঙ্গে এটি গ্রহণ করবে এবং যথা শিগগিরই সম্ভব সেই বিষয়ে জনগণকে পরিষ্কার বক্তব্য দেবে। নইলে একটি অনিশ্চয়তা তৈরির সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাচ্ছি৷ সেগুল যাতে বন্ধ হয়৷ সেজন্য সরকারের এই উদ্যোগ নেওয়া দরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে