ঢাকাসহ দেশের তিন শহরে নারীদের জন্য বিশেষ বাস চালু হচ্ছে আজ
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার থেকে নিয়মিতভাবে এ সেবা চালু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। এর আগে সরকার নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগের কথা জানিয়েছিল এবং নারী চালক, কন্ডাক্টর ও হেলপার দিয়ে এসব বাস পরিচালনার পরিকল্পনার কথা প্রকাশ করা হয়।
বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত করে একাধিক রুট নির্ধারণ করা হয়েছে। মতিঝিল ডিপোর আওতায় কোকা-কোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল এবং তালতলা, খিলগাঁও, বাসাবো, মুগদা, কমলাপুর, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে। যাত্রাবাড়ী ডিপোর বাস ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলাচল করবে।
মোহাম্মদপুর ডিপোর বাস মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি, সিটি কলেজ, নিউমার্কেট, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে। কল্যাণপুর ডিপোর আওতাধীন বাস মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল রুটে চলবে। এ ছাড়া মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল এবং মিরপুর-১২ থেকে মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত পৃথক রুট থাকবে।
জোয়ারসাহারা ডিপোর বাস আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে। রাজধানীর বাইরে গাজীপুর ডিপোর বাস গাজীপুর থেকে শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, আবদুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে। চট্টগ্রামে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড় ও লালখান বাজার পর্যন্ত এবং কালুরঘাট থেকে পতেঙ্গা রুটেও বাস চলবে। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটেও দুটি বাস চালুর কথা রয়েছে।
নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগটি নতুন করে নেওয়া হলেও বাংলাদেশে এ ধরনের সেবার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বিআরটিসি এর আগে বিভিন্ন সময়ে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস পরিচালনা করেছে। তবে অতীতে সীমিত সংখ্যক বাস ও যাত্রীসংকটের কারণে সেবাটি কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর রাখা যায়নি। নতুন উদ্যোগের লক্ষ্য হলো কর্মজীবী ও শিক্ষার্থীসহ নারী যাত্রীদের গণপরিবহনে নিরাপদ চলাচলের সুযোগ বাড়ানো এবং যাতায়াতের ভোগান্তি কমানো।
মতামত দিন