Views Bangladesh Logo

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে সহায়তা করে এমন তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার।

শনিবার (২৯ আগস্ট) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, লুট হওয়া ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে গঠিত বিশেষ ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন পুরস্কার ব্যবস্থার আওতায় ভারী অস্ত্র উদ্ধারে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পাওয়া যাবে। পিস্তল, রিভলভার, শটগানসহ এ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া কাঁদানে গ্যাসের শেলসহ অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। অস্ত্রের ধরন ও পরিস্থিতি বিবেচনায় পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে অভিযান চলছে। এর পাশাপাশি মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসব কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেবে।

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের অগ্রগতি দেখানোর জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক অগ্রগতি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো সেই সময়সীমা শেষ হয়নি।

তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিচয় গোপন না রাখলে মানুষ তথ্য দিতে আগ্রহী হবে কেন—এ কারণে তথ্যদাতাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে।

সম্প্রতি বাতিল হওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি, সেগুলো ইতোমধ্যে অবৈধ হিসেবে গণ্য করা হয়েছে। এসব অস্ত্রের মালিকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে অস্ত্র পাচারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য দেশের ভেতরে গিয়ে অভিযান চালাতে পারে না। তবে দেশের ভেতরে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্র, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে নতুন কিছু কৌশলও নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনই সেসব কৌশলের বিস্তারিত প্রকাশ করা হবে না বলে তিনি জানান।

এসব ক্ষেত্রে দ্রুত দৃশ্যমান সাফল্য আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমেদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ