রামিসা হত্যা মামলায় অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে বিশেষ টিম গঠন
আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রাষ্ট্রপক্ষে হাইকোর্টে শুনানির জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
টিমে আরও রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, মেহেদী হাসান, জামিউল হক ফয়সাল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন।
অ্যাটর্নি জেনারেল জানান, তিনি নিজে হাইকোর্টে মামলার যুক্তিতর্ক শুনানিতে অংশ নেবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। শুনানিতে কোনো ধরনের মুলতবি আবেদন না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আগামী রবিবার (১৪ জুন) হাইকোর্টের কার্যতালিকায় রামিসা হত্যা ও ধর্ষণ মামলাটি অন্তর্ভুক্ত হতে পারে।
এর আগে গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের নথি হাইকোর্টে পাঠানো হয়।

মতামত দিন