সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এর কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সুরক্ষা, দায় নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনায় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। এর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫; পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
এছাড়াও সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪; জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, আলোচ্য অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা খতিয়ে দেখে দ্রুত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে, যা জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে। বাকি অধ্যাদেশগুলো পরবর্তী বৈঠকে পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
এছাড়া আরও অংশ নেন ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে