Views Bangladesh Logo

এইচএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ থাকছে: শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া একই বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীরা স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির ঘটনায় দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। ফলে এ বিষয়ে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দুর্যোগকবলিত এলাকার পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ