মায়ের অপেক্ষায় থেকেই না ফেরার দেশে বিশেষ চাহিদাসম্পন্ন তূর্য, কারাগারে মা
মা কারাগারে। শেষবারের মতো মাকে দেখার ইচ্ছা ছিল শিশুটির। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিসর্গ হোসেন তূর্য। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তূর্যের মা শারমিন সুলতানা বর্তমানে কারাগারে রয়েছেন। ছেলের মৃত্যুর আগে তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা থাকলেও কাশিমপুর কারাগার দূরে হওয়ায় তা সম্ভব হয়নি। মাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন শারমিনের আইনজীবী।
বর্তমানে তূর্যের মরদেহ রাজধানীর আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। প্যারোলে মুক্তি না পেলে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করানোর আশায় মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার কথা ভাবছেন স্বজনরা। সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয় খোলা থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।
মায়ের অনুপস্থিতিতে তূর্যের অসুস্থতা, ওষুধের সংকট এবং বাকি থাকা অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের কথা উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপরও এসে পড়েছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়। পারিবারিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আটকের আগে কয়েক দিন ধরে নিজ বাসায় মব ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন ও তার আইনজীবী। শারমিন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী। পারিবারিক বিরোধ থেকে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক জটিলতায় রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা উল্লেখ করে শারমিনের আকুতি এবং মায়ের সান্নিধ্য ছাড়াই শিশুটির মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তূর্যের মৃত্যুর পর তার মায়ের প্যারোলে মুক্তি, সন্তানের মরদেহের পাশে শেষবার দাঁড়ানোর সুযোগ এবং কারাবন্দি ব্যক্তির ওপর নির্ভরশীল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিয়ে নতুন করে মানবিক প্রশ্ন উঠেছে।
মতামত দিন