Views Bangladesh Logo

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, ইফতারের সময় নেওয়া যাবে ২৫০ মিলি পানি

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল নতুন সময়সূচি অনুযায়ী চলবে। রমজান মাসে ইফতারের সময় যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা-উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। বিভিন্ন সময়ভেদে হেডওয়ে ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে ২০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সকাল ও বিকালের ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান কম রাখা হয়েছে, আর অপেক্ষাকৃত কম যাত্রীচাপের সময়ে ব্যবধান বাড়ানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য যাত্রীরা শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ