লন্ডনযাত্রায় বিমানের বিশেষ নির্দেশনা
বাংলাদেশ থেকে বিমানের ফ্লাইটে লন্ডনগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভ্রমণের আগে ভিসা ও পাসপোর্টের তথ্য সঠিক ও বৈধ কি না তা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, লন্ডনগামী সব যাত্রীকে যাত্রার আগে তাদের ভিসা ও পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভ্রমণের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ‘ইউকেভিআই’ (UKVI) অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, বিলম্ব কিংবা ভ্রমণসংক্রান্ত জটিলতার মুখে পড়তে হতে পারে।
এ কারণে যাত্রা শুরুর আগেই প্রয়োজনীয় সব তথ্য যথাযথভাবে সম্পন্ন করে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে বিমান।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের নতুন সীমান্ত ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তনের ফলে দ্বৈত ব্রিটিশ নাগরিকদের দেশটিতে প্রবেশে জটিলতা দেখা দিয়েছে। এতে বাংলাদেশি অনেক যাত্রীও সমস্যার মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতেই লন্ডনগামী যাত্রীদের জন্য এই বিশেষ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে