Views Bangladesh Logo

জুলাই যোদ্ধাদের জন্য হোটেল ও বিমানের টিকিটে বিশেষ ছাড়

জুলাই গণ–অভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আফরোজা খানম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধারা জাতীয় ইতিহাসের একটি অনন্য অধ্যায়ের সাহসী অংশীদার। তাঁদের শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না, তাঁদের স্বপ্ন ও প্রত্যাশাকে ধারণ করে মানবিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও দায়িত্বের বিষয়। সন্তান হারানোর কষ্টের কথা তুলে ধরে মন্ত্রী জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, জনবান্ধব, নিরাপদ ও টেকসই করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, পর্যটন খাত দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পাঁচজনের পরিবারের সদস্য এবং পাঁচ আহত জুলাই যোদ্ধার হাতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ