Views Bangladesh Logo

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে বিশেষ নির্দেশনা

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণ করলে তার মূল্য পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়, যা সোমবার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, কোনো সফর সরকারি না ব্যক্তিগত—তা সফরসূচির চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন ও আবাসনের ব্যয় সরকার বহন করবে। তবে ব্যক্তিগত সফরে এসব সুবিধা গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যয় নিজেকেই পরিশোধ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যাতায়াতের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে ঢাকায় আগমন ও প্রত্যাবর্তনের সময় একান্ত সচিব উপস্থিত থাকবেন।

জেলা পর্যায়ের সফরে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে জেলা প্রশাসক বা পুলিশ সুপার প্রয়োজনে তাদের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিতে পারবেন।

উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। অপ্রয়োজনে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।

এছাড়া বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন ও প্রস্থানের সময় প্রয়োজন না হলে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সংশ্লিষ্ট স্টেশনগুলোকে আগেই অবহিত করবে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করবে।

সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা বিধি অনুযায়ী সার্কিট হাউস বা সরকারি রেস্ট হাউসের বাইরে অবস্থান করলেও সংশ্লিষ্ট নিয়ম প্রযোজ্য থাকবে।

নতুন এই নির্দেশনার মাধ্যমে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ