Views Bangladesh Logo

সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি রোববারের মধ্যেই, ইঙ্গিত চিফ হুইপের

সংবিধান সংশোধন প্রক্রিয়া এগিয়ে নিতে ১৫ থেকে ২০ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি খুব শিগগিরই গঠন করা হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, কমিটিতে সরকারি দল, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার ইঙ্গিত অনুযায়ী, আগামী রোববারের মধ্যেই কমিটি গঠনের অগ্রগতি দেখা যেতে পারে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনকে এগিয়ে নিতে সব পক্ষের মতামত নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠনের চেষ্টা চলছে।

তিনি বলেন, সব দলের প্রতিনিধি আনুপাতিক হারে রাখতে চাই, স্বতন্ত্র সদস্যদেরও রাখা হবে।

কমিটির আকার সম্পর্কে তিনি বলেন, এটি ১৫ থেকে ২০ সদস্যের মধ্যে হতে পারে, তবে এখনো চূড়ান্ত হয়নি। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন দলের প্রতিনিধিদেরও এতে রাখা হবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন এমনভাবে করতে চাই, যাতে বারবার পরিবর্তনের প্রয়োজন না হয়।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তাদেরও কমিটিতে রাখা হবে এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এর আগে সংসদে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি ও বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আসে।

সংসদীয় বৈঠকে সংসদ ভবনের সাউন্ড সিস্টেম উন্নয়ন, ইন্টারনেটের গতি বৃদ্ধি, সুপেয় পানি সরবরাহ এবং এমপিদের আবাসন বরাদ্দ দ্রুত সম্পন্ন করার বিষয়েও সুপারিশ করা হয়।

এছাড়া সংসদ ভবনের প্রযুক্তিগত ও অবকাঠামোগত সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ