Views Bangladesh Logo

প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই সেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অবস্থান করেও নিজেদের সমস্যা ও অভিযোগ সরাসরি ই-মেইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন। প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে পাওয়া অভিযোগগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। এরপর অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তির বিষয়টি অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের কাছ থেকে পাওয়া আবেদন ও অভিযোগগুলো নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। এসব অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নীতিনির্ধারক পর্যায় থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

অফিস আদেশে বলা হয়, minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি।

মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর লক্ষ্যেও এই সেল কাজ করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ