স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ–এর সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল–এ তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে। পরদিন সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে