সংসদে কাগজ দেখে বক্তব্য নয়, নোট দেখে বলার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদে কাগজ দেখে পুরো বক্তব্য পড়া সংসদের রেওয়াজ নয় বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের নোট দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়ার সময় জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
এ দুই সংসদ সদস্য তাদের বক্তব্য কাগজ দেখে পড়ছিলেন। তখন স্পিকার মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে বলেন, সংসদে দেখে দেখে পড়া অনুমোদিত নয়। নোট দেখে মাঝে মাঝে তাকিয়ে হাউসের দিকে মুখ করে বক্তব্য দেওয়া সংসদের প্রচলিত রীতি। একইভাবে অলি উল্লাহকেও তিনি না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করতে হলে আগে স্পিকারের অনুমতি নিতে হয়।
এর আগে বক্তব্যে পিরোজপুর–১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের মানুষ প্রতিকূলতার মধ্যেও তাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সর্বোচ্চ মর্যাদার সঙ্গে পালন করবেন। তিনি তার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ অনুসরণ করে এলাকায় উন্নয়ন ও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে তার বাবাসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ত্যাগের কথাও উল্লেখ করেন।
মাসুদ সাঈদী শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। তিনি দাবি করেন, গত ১৫ বছরে সড়ক ও জনপথ বিভাগে বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিএনপি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, বিএনপি গণঅভ্যুত্থানের চেতনা ও সংবিধান সংস্কারের প্রশ্নে কোথায় দাঁড়িয়ে আছে—এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনাও করেন মাসুদ সাঈদী। স্বরাষ্ট্রমন্ত্রী আগে বলেছিলেন, ‘জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না।’ এ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই কেবল আবেগ নয়—এটি একই সঙ্গে বাস্তবতাও, তাই একে খাটো করে দেখার সুযোগ নেই।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আরেক বক্তব্যের উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, তিনি বলেছেন ‘জুলাই আইন নয়, অধ্যাদেশও নয়।’ কিন্তু সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী সব অধ্যাদেশই আইন হিসেবে গণ্য হয়। তার মতে, এ ধরনের মন্তব্য দায়িত্বশীল হয়নি এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকা উচিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে