Views Bangladesh Logo

রাষ্ট্রপতির পদত্যাগের জোর গুঞ্জনের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান জোর গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি দেশে ফিরছেন।

স্পিকারের পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পর হঠাৎ করেই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবও জানিয়েছেন, এখনো কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়নি।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

বাংলাদেশে সর্বশেষ ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ