মামুনুল হককে নিয়ে বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ, সংসদে ‘অন্ধকার অংশ’ আলোচনার পক্ষে নন স্পিকার
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের ‘অন্ধকার অংশ’ সংসদে আলোচিত হোক, তা তিনি চান না।
বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের বিএনপি সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ২০২১ সালে মামুনুল হককে ঘিরে আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ তোলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি সেই ঘটনার ব্যাখ্যা জানতে চান এবং বিষয়টি সংসদে উত্থাপন করেন।
তখন স্পিকার তাকে অপ্রাসঙ্গিক বিষয় আলোচনায় না আনার পরামর্শ দিয়ে বলেন, যার সংসদে উপস্থিত থেকে জবাব দেওয়ার সুযোগ নেই, তার বিরুদ্ধে অভিযোগ তোলা সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মুতা বিয়ের প্রসঙ্গ টেনে আনা হলে স্পিকার বলেন, মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এসব বিষয়ে বিশেষজ্ঞ মনে হয়? এগুলো নিয়ে সংসদে আলোচনা না হওয়াই ভালো।
পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উত্থাপিত তথ্যের প্রতিবাদ করেন। তিনি দাবি করেন, মামুনুল হককে নিয়ে যে তথ্য সংসদে দেওয়া হয়েছে তা সঠিক নয় এবং সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত।
এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংসদীয় রীতিনীতির পরিপন্থী ও অসমীচীন বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া যেতে পারে।
অন্যদিকে জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান মুতা বিয়ে প্রসঙ্গে ধর্মীয় অবস্থান তুলে ধরে বলেন, ইসলামের ইতিহাসে একসময় এটি প্রচলিত থাকলেও বর্তমানে তা নিষিদ্ধ।
সব পক্ষের বক্তব্য শোনার পর স্পিকার বলেন, মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, এখনও কিন্তু তিনি তার অবস্থান পরিষ্কার করেননি। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, সেটা চাই না।
এরপর সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামুনুল হক ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও তার দল সংসদে দুটি আসন অর্জন করেছে। সংসদে প্রতিনিধিত্ব থাকায় দলটির বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও নেতাদের প্রসঙ্গ সাম্প্রতিক সময়ে আলোচনায় আসছে।
মতামত দিন