খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের শ্রদ্ধা, স্পিকারের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে স্পিকার খামেনির আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি শোকবইয়েও স্বাক্ষর করেন।
এর আগে স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তিনি খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং এ চুক্তির মাধ্যমে ইরান ও পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সফরকালে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালির সঙ্গেও বৈঠক করেন। এ সময় ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয় এবং ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করা হয়।
এছাড়া স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
মতামত দিন